এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। ইউরোপ সফর শেষে দেশে ফিরেই গান করলেন একটি স্টেজ শোতে। ১৫ জুলাই সকালে ঢাকা ফেরার পর মাত্র কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই তিনি অংশ নেন রাজধানীতে আয়োজিত আয়কর আইনজীবীদের অভিষেক অনুষ্ঠানে, যেখানে তিনি এককভাবে গান পরিবেশন করেন।গত ২০ জুন ইউরোপ সফরে পাড়ি জমান লিজা। প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণে পাঁচটি দেশে একাধিক শোতে অংশগ্রহণ করেন তিনি।
সফর সফলভাবে শেষ করে দেশে ফেরেন তিনি।লিজা বলেন, ‘জীবন যেমনই হোক, আমরা সবসময় বিশ্বাস করি শো মাস্ট গো অন। এবার তা আরো গভীরভাবে উপলব্ধি করেছি। সকালবেলায় দেশে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই অনুষ্ঠানে গাইতে হয়েছে। যদিও আরো একটু বিশ্রাম নিলে ভালো লাগত, আরেকটু ভালোভাবে মনের মতো গান গাইতে পারতাম, তবে কিছু করার ছিল না। আয়োজনে গান গাওয়ার বিষয়টি অনেক আগে থেকেই নির্ধারিত ছিল।’
তিনি আরো বলেন, ‘আমি সবসময় শ্রোতা-দর্শকের গান শোনার আগ্রহ ও প্রতিক্রিয়া বুঝে গান পরিবেশন করার চেষ্টা করি। ঢাকায় ফিরেই এমন একটি সুন্দর আয়োজনে গান গাইতে পেরে ভালো লেগেছে। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা।’
এবারের ইউরোপ সফর নিয়ে লিজার অভিজ্ঞতাও ছিল বিশেষ। তিনি বলেন, ‘পুরো ট্যুরটা খুব উপভোগ করেছি, কারণ আমার সঙ্গে ছিলেন আমার স্বামী ও কন্যাসন্তান। পরিবারের সঙ্গে এমন সফর সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ জানাই প্রবাসী ভাইবোনদের—আমাদের সম্মান, ভালোবাসা আর সহযোগিতায় ভরিয়ে দেয়ার জন্য। ইউরোপ সফরে লিজার সঙ্গে আরো পারফর্ম করেন আয়েশা মৌসুমী ও সাগর বাউল। উপস্থাপনায় ছিলেন স্বর্ণলতা দেবনাথ এবং নৃত্য পরিবেশনায় অংশ নেন তানহা তাসনিয়া।
প্রবাসে বাংলাদেশী সংস্কৃতিকে তুলে ধরার এ আয়োজনে লিজা ও তার দলের অংশগ্রহণ প্রশংসিত হয়েছে নানা মহলে। আর দেশে ফিরে পরিশ্রান্ত শরীরেও মঞ্চ মাতিয়ে লিজা প্রমাণ করলেন, তার কাছে গানই প্রথম অগ্রাধিকার।